জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়ে যায়: আখতার হোসেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, জুলাই সনদ যাতে কোনো দলের চাপের মুখে প্রতারণার হাতিয়ার হয়ে না ওঠে, সেই বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জোর দেওয়া হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, “এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে।
তিনি আরও বলেন, “জুলাই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা। সনদ বাস্তবায়নের আদেশের খসড়া এবং এর পরিধি জনগণের কাছে জানানো হবে। এসব দেখে স্বাক্ষরের বিষয়ে এনসিপি সিদ্ধান্ত নেবে। সনদ বাস্তবায়ন আদেশের খসড়া বা টেক্সট না দেখা পর্যন্ত আমরা স্বাক্ষর করব না।”
শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করার ইচ্ছাও প্রকাশ করে আখতার হোসেন বলেন, “এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। তবে যেকোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট হতে পারে।”
বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন