রাজনীতি
ছবি: সংগৃহীত

নভেম্বরের মধ্যেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য দেন।

তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এখনই তারিখটা বলা যাচ্ছে না, তবে খুব শিগগিরই সবাই জানতে পারবেন। আশা করছি নভেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন।’

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশ নেবেন—এ ব্যাপারে দলের মধ্যে কোনো সংশয় নেই। ‘তিনি নিজেই সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচনে থাকবেন। কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা পরে স্থির হবে,’ বলেন সালাহউদ্দিন।

বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। আমরা চাই তিনি প্রতিদ্বন্দ্বিতা করুন।’

তিনি জানান, বিএনপি অক্টোবরের মধ্যেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে। দলের মনোনয়নে আসবে তরুণ নেতৃত্বের উল্লেখযোগ্য অংশগ্রহণ। ‘সাবেক ও বর্তমান ছাত্রনেতা, যুবনেতা, তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি জনপ্রিয়তা, জনসম্পর্ক ও স্থানীয় গ্রহণযোগ্যতাও বিবেচনায় থাকবে,’ বলেন তিনি।

বিদ্রোহী প্রার্থী নিয়ে প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আলোচনা ও সমঝোতার মাধ্যমে একক প্রার্থী ঠিক করব। তারপরও কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

তারেক রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ নিয়ে ওঠা আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়মিতই নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। এটি নতুন কিছু নয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবার সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন, নির্বাচনের আগে সেটাই স্বাভাবিক।’

মতামত দিন