রাজনীতি
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সত্য নয় বলে জানিয়েছে এনসিপি।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে ভিত্তিহীন ও গুজব হিসেবে অভিহিত করেছে দলটি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের সঙ্গে যুক্ত আছেন এবং আগের মতোই দায়িত্ব পালন করছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে অংশ নিয়েছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের কার্যক্রম তদারকি করছেন। তাই তার পদত্যাগ বা দল ছাড়ার খবর সম্পূর্ণ অসত্য।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ নিয়ে যে খবর ছড়ানো হয়েছে, তা নিছক গুজব। আমরা এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা জানাই।”

এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দাবি করা হয়, তিনি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে ওই পদত্যাগপত্র দাখিল করেছেন।

তবে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এমন কোনো পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা ঘটেনি এবং নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন।

মতামত দিন