যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে কথা বলতে চান না, তার মতো উপদেষ্টার কোনো প্রয়োজন নেই: হাসনাত।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ করতে চান না, তার কোনো প্রয়োজন নেই।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, “১০ দিন ধরে শিক্ষকরা আন্দোলন করছেন। শুরু থেকেই আমরা তাদের ন্যায্য দাবির পাশে আছি। প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত আমরা তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছি।”
শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আপনি দায়িত্ব নেওয়ার পর আশা করা হয়েছিল, একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করবেন এবং শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, শিক্ষকদের দাবি সবসময় রাষ্ট্রের অগ্রাধিকার তালিকার শেষের দিকে রাখা হয়। আপনার দারোয়ান, গাড়ির ড্রাইভার বা বাবুর্চি—যাদের বেতন শিক্ষকদের চেয়ে বেশি—তাদের জীবনযাত্রা শিক্ষকরা কল্পনাও করতে পারেন না, অথচ এই জাতি গড়ার মূল কারিগররা জীবন যাপন করছেন চতুর্থ শ্রেণির হিসেবে।”
হাসনাত বলেন, “আমরা ভেবেছিলাম, যেহেতু উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শিক্ষকদের কষ্ট বুঝবেন। কিন্তু দেখা গেল, তিনি রুম থেকে বের হতে চাইছেন না এবং শিক্ষকের সঙ্গে কোনো সংলাপে আগ্রহী নন।”

মতামত দিন