জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে কোনো রাজনৈতিক দলের অপচেষ্টা সফল হবে না: সালাহউদ্দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে কোনো রাজনৈতিক দলের অপচেষ্টা সফল হবে না। রোববার (১৯ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, শুধু কোনো একটি দল নয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদান রাখা সকল রাজনৈতিক দলের সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র-গণঅভ্যুত্থান-২০২৪ সংঘটিত হয়েছে। ১৬ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই অভ্যুত্থান সফল হয়েছে। তিনি জানান, এ সময় নিহত ছাত্রদের সংখ্যা ৪২২ জন, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
তিনি বলেন, বিএনপির ভূমিকা এবং ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যাদের ত্যাগ ও রক্তদান রয়েছে, তাদের অবদান ছাড়া জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হতো না। সালাহউদ্দিন এ সময় শাপলা চত্তরের হত্যাকাণ্ডের ঘটনাকেও উল্লেখ করেন।
বিএনপির নেতা আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কিছু ভুল-ত্রুটি থাকতে পারে, তবে তা রাজনৈতিক অভিজ্ঞতার অংশ হিসেবে দেখা উচিত। তিনি আশা প্রকাশ করেন, তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে জাতীয় আন্দোলনে অংশ নেবে।
সালাহউদ্দিন আহ্বান জানান, জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কমুক্ত রাখা এবং তা জাতীয় জীবনে শক্তিশালী প্রভাব বিস্তার করবে।

মতামত দিন