শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে: সারজিস আলম।
নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে দেওয়া যাচ্ছে না। রোববার (১৯ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের এমন বক্তব্যের পর দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে।
এনসিপি দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমন্বয় সভার পর সারজিস আলম বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেওয়ার সাহস দেখাতে পারে না, তাদের অধিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। শাপলা প্রতীক নিয়েই দল নির্বাচনে যাবে, প্রতীক না দিলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহ্বায়ক ডা. আব্দুল আহাদ ও দিনাজপুর জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা। সভা শেষে লিফলেট বিতরণ করা হয়।
এর আগে, রোববার সকালে সিলেটে ‘নির্বাচন ঘিরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম’ পরিদর্শন শেষে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে দেওয়া যাচ্ছে না।
মতামত দিন