রাজনীতি
ছবি: সংগৃহীত

ইসির রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, কমিশন স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নেওয়া হচ্ছে না। রোববার (১৯ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, “কমিশনের কার্যক্রমে যেন মধ্যযুগীয় স্বৈরশাসনের ছাপ দেখা যায়।

যেসব প্রতীক ইতিমধ্যে তালিকাভুক্ত, এগুলো কোন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তা স্পষ্ট নয়। বিশেষ করে শাপলা প্রতীক কেন তালিকায় নেই, এ বিষয়েও কোনো প্রমাণযোগ্য নীতিমালা নেই।”

হাসনাত আরও বলেন, “দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর প্রতীক প্রদানের ক্ষেত্রে নীতিমালা অনিশ্চিত। আমাদের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়নি। কমিশন স্বৈরাচারীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা চাপিয়ে দেওয়া মনে হয়। বারবার বলা হয়েছে, রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই, এটি অন্য কোনো জায়গা থেকে পরিচালিত হচ্ছে।”

তিনি নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রম নিয়ে সতর্ক করেছেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আছে। এই কমিশন কোনো অংশগ্রহণমূলক, স্বচ্ছ বা প্রতিনিধিত্বমূলক নির্বাচন আয়োজনের যোগ্যতা রাখে না। গঠন প্রক্রিয়া স্পষ্ট নয়, রাজনৈতিক পক্ষের ইনভলভমেন্ট সীমিত। কমিশন নিয়োগদাতাদের নির্দেশে কাজ করছে, স্বতন্ত্রভাবে নয়।”

হাসনাত যোগ করেন, “আমরা চাই কমিশন যেন স্বৈরাচারী সিদ্ধান্ত না নেয়। নুরুল হুদা কমিশনের মতো পরিস্থিতি যাতে না হয়। জনগণ যখন চরম অসন্তোষে আসে, তা দমিয়ে রাখা যায় না। দুই মাস, দুই বছর বা দশ বছর—জনবিস্ফোরণ এলে এটি নুরুল হুদার পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না, সেটাই আমাদের লক্ষ্য।”

মতামত দিন