জুলাই সনদে স্বাক্ষর না করে রাজনীতি থেকে ছিটকে যায়নি এনসিপি: নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর না করলেও রাজনীতি থেকে ছিটকে যায়নি বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদী শাসন কাঠামোর সুবিধাভোগীরা পুরনো সুবিধা ধরে রাখতে ষড়যন্ত্র চালিয়েছে।
তিনি আরও বলেন, “জুলাই সনদের স্বাক্ষর মূলত আনুষ্ঠানিকতা। এতে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে এটি জনগণের সঙ্গে প্রতারণার সমতুল্য হবে।”
নাহিদ ইসলাম আরও জানান, “যেসব দল স্বাক্ষর করেছে, তাদেরকে আমরা বিচ্ছিন্ন মনে করি না। তারা আনুষ্ঠানিকতার জন্যই স্বাক্ষর করেছে। তবে আমাদের দাবি, এই সনদকে আইনি বৈধতা দিতে হবে।”
এর আগে, শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এতে উপস্থিত ছিলেন।
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ-এর নেতারা অনুষ্ঠানে অংশ নেননি।

মতামত দিন