রাজনীতি
ছবি: সংগৃহীত

শিক্ষকদের আন্দোলনের প্রতি ‘নীতিগতভাবে একমত’ জানিয়েছে বিএনপি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশব্যাপী এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের প্রতি ‘নীতিগতভাবে একমত’ জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তবে এই আন্দোলনকে কেন্দ্র করে কেউ যদি ‘গণতান্ত্রিক উত্তরণ’ ব্যাহত করার চেষ্টা করে, তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও সতর্ক করেছে দলটি।

শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুর ইসলাম টিপু স্বাক্ষরিত  প্রেস বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শিক্ষকদের চাকরির নিরাপত্তা, সর্বোচ্চ সামাজিক মর্যাদা ও তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”

বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্র ও জাতির উন্নয়ন পরিকল্পনা সফল করতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে মূল চাবিকাঠি। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকরি স্থায়ী করা, আর্থিক সুরক্ষা বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও দলটি জানায়।

তবে বিএনপি সতর্ক করে দিয়েছে, শিক্ষকদের ন্যায্য আন্দোলনকে পুঁজি করে যদি কোনো পক্ষ পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে গণতান্ত্রিক উত্তরণ রক্ষায় দলটি কঠোর অবস্থান নেবে।

মতামত দিন