জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান নিয়ে নাহিদের কড়া প্রতিক্রিয়া।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই অনুষ্ঠানকে জাতীয় ঐক্যের প্রতীক নয়, বরং কয়েকটি দলের আনুষ্ঠানিক সমাবেশ হিসেবে আখ্যা দিয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, “কয়েকটি রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয় না। আজও জুলাই সনদ নামে একটি নথিতে কিছু দল স্বাক্ষর করছে—তারা একে জাতীয় ঐক্য বলছে। কিন্তু এটি প্রকৃত ঐক্য নয়।”
এর আগেই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এনসিপি জানায়, তারা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না। দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, “এই সনদ কোনো আইনি ভিত্তি তৈরি করবে না, শুধু আনুষ্ঠানিকতা মাত্র। আমরা বহুবার আইনি কাঠামোর বিষয়টি তুলেছি। তাই এই পর্যায়ে অংশ নিচ্ছি না।”
তবে তিনি আরও জানান, “ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা আলোচনায় অংশ নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করব। দাবিগুলো পূরণ হলে ভবিষ্যতে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেব।”
এদিকে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী দলের শীর্ষ নেতারা।
অনুষ্ঠানের আয়োজক জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, জুলাই সনদ রাজনৈতিক ঐক্যের নতুন দিগন্ত তৈরি করবে। তবে এনসিপি ও কয়েকটি দল দাবি করেছে, আইনি স্বীকৃতি ছাড়া এমন সনদ কেবল প্রতীকী উদ্যোগ হিসেবে থেকে যাবে।

মতামত দিন