রাজনীতি
ছবি: সংগৃহীত

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে সহায়তা দেবে বিএনপি ও জামায়াত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাস্থল পরিদর্শনের সময় এই সহায়তার ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বারবার এমন দুর্ঘটনা ঘটলেও এর মূল কারণ অনুসন্ধান ও প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারেক রহমান ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই শোক প্রকাশ করেছেন বলেও জানান রিজভী।

রিজভীর ভাষায়, ‘আবাসিক এলাকায় কীভাবে একটি কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হলো, তা খতিয়ে দেখা জরুরি। কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারির ঘাটতির কারণেই এমন দুর্ঘটনা ঘটে চলেছে।’

অন্যদিকে, একই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য এক লাখ টাকা করে সহায়তার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে, পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

মতামত দিন