রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক না পেলে ইসি থেকে নিবন্ধন নেবে না এনসিপি: সারোয়ার তুষার।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন।

সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে।প্রতীক দেওয়া নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ইসির সিদ্ধান্তে কোনো আইনি ভিত্তি নেই এবং ইসির ইচ্ছায় শাপলা তালিকাভুক্ত করা সম্ভব।

এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এনসিপি শাপলা পাবে।’

এর আগে, দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নাগরিক পার্টি আগামী ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক বেছে না নিলে কমিশন নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, নির্বাচনের বিধিমালায় শাপলা অন্তর্ভুক্ত নয়, তাই তা সরাসরি দেওয়া সম্ভব নয়। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হবে কিনা, তা এখনো ইসিতে উপস্থাপন হয়নি।

এদিকে এনসিপি শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে অনড় অবস্থান বজায় রেখেছে। দলটি একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে ও চিঠি দিয়েছে। প্রয়োজনে শাপলা প্রতীক পেতে তারা রাজপথেও লড়বেন এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পুনর্বিবেচনার কথাও জানিয়েছে।

মতামত দিন