৭ দফা দাবিতে জাগপার দুই দিনের কর্মসূচি ঘোষণা।
জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলটি জানিয়েছে, তৃতীয় দফায় ঘোষিত এই কর্মসূচি দুই দিনব্যাপী চলবে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১৪ অক্টোবর সকাল ১১টায় ঢাকার যাত্রাবাড়ী মোড় থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। একই সময়ে দেশের সব বিভাগীয় শহরেও কর্মসূচি পালিত হবে। পরদিন ১৫ অক্টোবর জাগপার সব সাংগঠনিক জেলা শহরে মানববন্ধন আয়োজন করা হবে।
লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, কেবল স্বাক্ষর নয়—অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগেই এ আদেশের ওপর গণভোট নিতে হবে। তার মতে, নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে জুলাই সনদের গুরুত্ব গৌণ হয়ে পড়বে।
তিনি আরও বলেন, “জুলাই গণহত্যার বিচার শুরু হলেও পিলখানা, শাপলা, লগি-বৈঠা ও মোদিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত অন্যায্যতা, নির্যাতন ও দুর্নীতির বিচারও দৃশ্যমান নয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে।”
ভারতের সঙ্গে করা ‘গোপন ও অসম চুক্তি’ প্রকাশ ও বাতিলের দাবি জানিয়ে রাশেদ প্রধান বলেন, “বাংলাদেশের মানুষ ভারতীয় প্রভাব ও আগ্রাসন থেকে মুক্ত নির্বাচন চায়। এজন্য জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
সংবাদ সম্মেলনে জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর সভাপতি শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু উপস্থিত ছিলেন।
মতামত দিন