সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানালেন জামায়াতে ইসলামী।
বাংলাদেশ সেনাবাহিনী কিছু কর্মকর্তাকে মানবতাবিরোধী কর্মকাণ্ড ও গুম-খুনের অভিযোগে হেফাজতে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (১২ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে জনগণ গর্বিত, তবে দুঃখজনক যে বাহিনীর কিছু সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডায় তারা অন্ধভাবে অংশ নিয়েছিল, যার কারণে দেশে গুম ও খুনের ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছিল। তবে কেবল নির্দিষ্ট ব্যক্তিরা দোষী, পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যায় না।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী ইতোমধ্যেই বিচারের প্রক্রিয়াকে সহায়তা করার ঘোষণা দিয়েছে এবং অভিযুক্ত কর্মকর্তাদের হেফাজতে নিয়েছে। “আমরা আশা করি, বিচার সম্পূর্ণ স্বচ্ছ হবে এবং অভিযুক্তরা যথাযথ শাস্তি ভোগ করবেন। এর মাধ্যমে অতীতের দায় মুছে যাবে এবং ভবিষ্যতে কেউ পেশা বা পরিচয়কে ব্যবহার করে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না। এতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে,” যোগ করেন অধ্যাপক পরওয়ার।

মতামত দিন