রাজনীতি
ছবি: সংগৃহীত

ভাঙা সড়কে মাছ ছেড়ে অনন্য প্রতিবাদ জানালেন হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের বেহাল দশার প্রতিবাদে এক অভিনব কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে তিনি সড়কে মাছ ছেড়ে এই প্রতীকী প্রতিবাদ জানান।

প্রতিবাদের সময় ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “এই রাস্তায় প্রতিদিন মানুষ যাতায়াত করে, দুর্ঘটনাও ঘটে। কয়েক দিন আগেই এখানে একজন মারা গেছেন। রাস্তা ঠিক না করলে বরং মাছ চাষ করে দিন, অন্তত মানুষ মাছ খেতে পারবে।”

তিনি আরও বলেন, “দেবিদ্বারের রাস্তাঘাটের অবস্থা এমন যে, এতে মাছ চাষ করলেও অসুবিধা হবে না। আমি আজ মাছ ছাড়লাম, আপনারাও ছাড়ুন—তাতে হয়তো কোনো উন্নতি হবে।”

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গে সংযুক্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি এখন চলাচলের অযোগ্য। গর্ত আর ভাঙা অংশে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

এদিকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার সংস্কারকাজ ২০ অক্টোবরের মধ্যে শুরু না হলে সড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষের হুমকি দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এ সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দুই মিনিট দুই সেকেন্ডের ওই কল রেকর্ডে শোনা যায়, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফাকে বলেন, “অক্টোবরের ২০ তারিখের মধ্যে কাজ শুরু না হলে রাস্তায় কোনো গাড়ি চলবে না। দেবিদ্বার-নিউমার্কেট সড়ক ধান চাষের উপযোগী হয়ে গেছে—ধান লাগাব, মাছও চাষ করব, একটা গাড়িও যেতে দেব না।”

মতামত দিন