নবী শব্দের শাব্দিক অর্থ হলো ‘সংবাদ বাহক’,এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন: মুফতি আমির হামজা।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জনপ্রিয় বক্তা মুফতি আমির হামজা সম্প্রতি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। তিনি নবী মুহাম্মদ (সা.)-কে উদাহরণ হিসেবে ধরে বলেন, “যিনি দুনিয়ায় সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছিলেন, তিনিই প্রথম সাংবাদিক।
মুফতি আমির হামজা বলেন, নবী শব্দের শাব্দিক অর্থ হলো ‘সংবাদ বাহক’। যিনি বার্তা পৌঁছে দেন, তাকে আমরা আজ সাংবাদিক হিসেবে চিনে থাকি। তিনি আরও উল্লেখ করেন, কোরআন শরিফে আল্লাহ তায়ালা নবীকে নির্দেশ দিয়েছেন মানুষের কাছে মহান বার্তা পৌঁছে দিতে। যিনি এই দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন, আল্লাহ তার জন্য দুনিয়া ও আখিরাতে পুরস্কারের ব্যবস্থা করবেন।
সভায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের টিম সদস্যরা। এছাড়াও কুষ্টিয়ার চারটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে সাংবাদিকদের কাছে নিজেদের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় কুষ্টিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের রিপন বক্তব্য দেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল আসন্ন নির্বাচন, সাংবাদিকদের ভূমিকা এবং গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্ব।
মতামত দিন