রাজনীতি
ছবি: সংগৃহীত

সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ে তারেক রহমানের বক্তব্য।

নিজেস্ব প্রতিবেদক:

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করে এমন সব কালো আইন পর্যালোচনা করে ধীরে ধীরে সংশোধন করা হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি সরকারের সময়ে সাংবাদিকদের গুম, নির্যাতন বা দেশ ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা ঘটবে না।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রচারিত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সময়টা দেখলেই বোঝা যাবে—তখন অনেক সংবাদ প্রকাশিত হয়েছে যেগুলোর সত্যতা ছিল না, ছিল অপপ্রচার। তারপরও তখন কোনো সাংবাদিককে নিপীড়নের শিকার হতে হয়নি, কারও ওপর ভয়ভীতি দেখানো হয়নি।”

তিনি আরও বলেন, অতীতে এবং বর্তমানে অনেক সাংবাদিক নির্যাতনের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু বিএনপি সরকারের সময় এমন কিছু ঘটেনি। “সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আমরা রেখেছিলাম, ভবিষ্যতেও রাখব,” যোগ করেন তিনি।

সংবাদমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় থাকা সীমাবদ্ধতামূলক আইন বাতিলের বিষয়ে তারেক রহমান বলেন, “আমরা সবাই মিলে বসব, আলোচনা করব এবং ধীরে ধীরে এসব কালো আইন সংশোধন করব।”

এ সময় তিনি সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যেন কোনো অপপ্রচারকে সংবাদ হিসেবে পরিবেশন না করেন। আমাদের পক্ষ থেকেও অনুরোধ থাকবে, সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখুন।”

মতামত দিন