জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন:সালাহউদ্দিন আহমদ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট একত্রে আয়োজনের প্রস্তাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তার মতে, একই সময়ে দুটি ভোট সম্পন্ন করা গেলে রাষ্ট্রীয় অর্থ ও সময়—উভয়েরই সাশ্রয় হবে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গ্রহণযোগ্য নির্বাচন ও তার চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনায় তিনি এ মত প্রকাশ করেন।
সালাহউদ্দিন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জনগণ একাধিক ব্যালটে ভোট দিয়েছে; তাই সংসদ নির্বাচন ও গণভোটেও তারা সহজেই অংশ নিতে পারবে। এ বিষয়ে অযথা জটিলতা তৈরির চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
তার ভাষায়, “জনগণ এখন ফ্যাসিবাদী রাজনীতির মিছিল বা বিদেশি রাজধানী থেকে পাঠানো বার্তায় কর্ণপাত করে না। দেশের মানুষ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত।”
বিএনপির এই নেতা আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য যদি দৃঢ় থাকে, তবে নির্বাচনী সংকট কাটিয়ে ওঠা সম্ভব। পাশাপাশি, তিনি ফ্যাসিস্ট রাজনীতিতে জড়িতদের বিচার দ্রুত শেষ করার ওপর জোর দেন।
তিনি সতর্ক করে বলেন, “নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা ভবিষ্যতে বিপজ্জনক নজির হয়ে দাঁড়াবে।”

মতামত দিন