৭ অক্টোবর আবরার স্মরণে আধিপত্যবিরোধী দিবস ঘোষণার দাবি ডাকসু ভিপির।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ৭ অক্টোবরকে প্রতি বছর আধিপত্যবিরোধী দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার পর কুষ্টিয়ার কুমারখালীর রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারতের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান।
সাদিক কায়েম বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানিয়েছি, যাতে ৭ অক্টোবরকে দেশের সকল ক্যাম্পাসে আধিপত্যবিরোধী ও আগ্রাসনবিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয়। ডাকসুর পক্ষ থেকে আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখব।”
তিনি আরও বলেন, “শহীদ আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে যে চেতনা তিনি লালন করতেন, সেটিই জুলাই বিপ্লবের প্রেরণা। শহীদ আবরার আমাদের যে পথ দেখিয়েছেন, তার ওপর ভিত্তি করে আগামী প্রজন্মও তার চেতনা ও আকাঙ্ক্ষা ধারণ করবে।”
ডাকসুর ভিপি দেশের ছাত্রলীগের অতীত সন্ত্রাস ও শিক্ষার্থীদের ওপর নিপীড়নের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “গত ১৬ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন চলেছিল। ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের অধিকার হরণ করে, জনগণের ওপর নানা শোষণ চালিয়েছে। সেই সময়ে আবরার সব অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সাদিক কায়েম বলেন, “আজ জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হয়েছে। শহীদেরা যে জন্য জীবন দিয়েছেন, সেই আকাঙ্ক্ষা যেন অন্তর্বর্তী সরকার সঠিকভাবে ধারণ করে। যদি ব্যত্যয় ঘটে, তবে তার পরিণতি অতীতের খুনি হাসিনা ও ফ্যাসিবাদীদের চেয়ে কঠোর হবে।”
কবর জিয়ারতে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হোসাইন ও শাকিল প্রমুখ।

মতামত দিন