ডিসেম্বরে শেষ হচ্ছে জামায়াতের আমিরের মেয়াদ, নতুন নেতৃত্ব বাছাইয়ে প্রস্তুতি।
জামায়তে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. শফিকুর রহমানের দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। তার আগেই দলটি নতুন আমির নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে।
জামায়াতের শীর্ষ পদটি হলো আমিরে জামায়াত। গঠনতন্ত্র অনুযায়ী, এই পদে একজনকে তিন বছরের জন্য নির্বাচিত করা হয়। আমির নির্বাচিত হওয়ার পর তিনি কেন্দ্রীয় মজলিসে শুরার পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও অন্যান্য নির্বাহী দায়িত্বশীল পদে নিয়োগ দেন।
ডা. শফিকুর রহমান দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন এবং তার মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমাদের সংগঠনের মেয়াদ তিন বছর। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নেতৃত্ব নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমির নির্বাচন। পাশাপাশি কেন্দ্রীয় শুরা ও নির্বাহী পরিষদেরও নির্বাচন হয়।”
তিনি জানান, নির্বাচনী দায়িত্বে একটি পাঁচ সদস্যবিশিষ্ট কমিশন রয়েছে। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মধ্যে আমির ও মজলিসে শুরার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যেই শপথ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
আমির নির্বাচন পদ্ধতি সম্পর্কে জুবায়ের বলেন, “প্রথমে কেন্দ্রীয় মজলিসে শুরার ভোটে সর্বাধিক ভোট পাওয়া তিনজনের নাম একটি প্যানেলে রাখা হয়। পরে দেশের সব পুরুষ ও নারী রুকনদের জানানো হয়, এই তিনজনের মধ্য থেকে একজনকে ভোট দিন। তবে রুকন চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারেন। সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তি আমির নির্বাচিত হন।”
বর্তমানে জামায়াতের রুকন সংখ্যা প্রায় ১ লাখ ৫ হাজার বলে জানান তিনি।
দলটির ভেতরে জানা গেছে, সম্ভাব্য দুইটি প্যানেল নিয়ে আলোচনা চলছে। একটিতে রয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম। অন্য প্যানেলে আজহারের স্থানে আছেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
তবে এ বিষয়ে জুবায়ের বলেন, “প্যানেলের বিষয়টি কেবল রুকনদের জানানো হয়, বাইরে প্রকাশ করা হয় না। শিডিউল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে রুকনদের কাছে তালিকা যাবে।”
তার ভাষায়, “এটা জামায়াতের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়া। কঠিন সময়েও আমরা নির্বাচন করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক, তাই কোনো প্রতিবন্ধকতা নেই।”
মতামত দিন