রাজনীতি
ছবি: সংগৃহীত

বরিশালের হিজলা উপজেলায় একসঙ্গে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান।

নিজেস্ব প্রতিবেদক: 

বরিশালের হিজলা উপজেলায় একসঙ্গে ৩০ জন সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে কাউরিয়া বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদের হাতে তারা দলে যোগ দেন।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতাসহ ব্যবসায়ী, চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষ এ সময় বিএনপির সঙ্গে যুক্ত হন। ফুলের মালা পরিয়ে তাদের বরণ করেন দলীয় নেতারা।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন— রতন চন্দ্র সরকার, নকুল চন্দ্র সরকার, শ্যামল চন্দ্র সরকার, নৃপেল চন্দ্র সরকার, লিটন চন্দ্র দাস, রাজীব চন্দ্র দাস, গোপাল চন্দ্র ঘরামী, অজয় চন্দ্র সরকার, সুকান্ত সরকার, দীপ্ত চন্দ্র রায়, নেপাল চন্দ্র সরকার, বিকাশ চন্দ্র মণ্ডল, বিপ্লব চন্দ্র মণ্ডল, লক্ষ্মীতান্ত হালদার, বাবুল খলিফা, শংকর, বিলাস দাস, জয়দেব, সজীব, সঞ্জীব, জীবন, রায়মোহন, বাদল চন্দ্র শীল, রাজীব চন্দ্র, লিটন চন্দ্র, আশীষ ও শুভ শীলসহ আরও অনেকে।

এ উদ্যোগে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি, ক্রীড়া সম্পাদক স্বপর দাস। তথ্য নিশ্চিত করেছেন আসাদুজ্জামান সজল।

সেদিন রাতে মেজবাহ উদ্দিন ফরহাদ হিজলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে কাউরিয়া বাজারে পথসভা করেন। সেখানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক গাফ্ফার শেখসহ দলের স্থানীয় নেতারা। এ সময় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপিতে যোগ দেন।

সভায় মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় টিকে থাকতে হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে, তাদের ওপর হামলা চালিয়ে বিরোধী শক্তিকে দমন করেছে। জনগণের অভ্যুত্থানে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আজ হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিতে যোগ দিয়ে প্রমাণ করেছে, বিএনপি সব সময় সনাতনী মানুষের পাশে ছিল এবং থাকবে।”

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হিন্দু সম্প্রদায়সহ সব শ্রেণির মানুষকে একযোগে কাজ করতে হবে।

মতামত দিন