জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলনের ১২ দিনের কর্মসূচি ঘোষণা।
জুলাই সনদের বাস্তবায়ন ও ৫ দফা দাবির প্রেক্ষিতে দ্বিতীয় ধাপে টানা ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ কর্মসূচি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ধারাবাহিক আন্দোলন চালানোর পরও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় হতাশা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের ন্যায্য দাবির প্রতি অবহেলা করছে এবং এতে তাদের নৈতিক ও আইনগত বৈধতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার, বিচার ও নির্বাচনের প্রশ্নে তারা সরকারকে সহযোগিতা করলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে মন্তব্য করেন মহাসচিব। তার অভিযোগ, ফ্যাসিবাদের সহযোগীদের বিচার প্রক্রিয়া ধীরগতির, জামিনে মুক্ত হচ্ছেন অধিকাংশ, আর নির্বাচনের আগে সরকার শীর্ষ পর্যায় থেকে ফলাফলের ইঙ্গিত দিচ্ছে।
তিনি ৫ দফা দাবি পুনরায় তুলে ধরে বলেন—
১. জুলাই সনদের ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।
২. নির্বাচন পিআর পদ্ধতিতে হওয়া আবশ্যক।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
৫. বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোসর দলগুলোর বিচার করে বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
আন্দোলনের প্রথম ধাপে জাতীয় পর্যায় থেকে জেলা-উপজেলা পর্যন্ত সমাবেশ, বিক্ষোভ ও গণসংযোগ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এতে জনগণের সাড়া পেয়ে দল আরও আত্মবিশ্বাসী হয়েছে বলেও জানান।
দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে ১ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দাবির পক্ষে গণসংযোগ, ১০ অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন ইউনুছ আহমাদ। দুর্গোৎসবের কারণে প্রথমদিকে রাজপথে কোনো কর্মসূচি রাখা হয়নি বলেও তিনি জানান।
সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের অভিপ্রায়ই চূড়ান্ত। জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যা ও ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত করা সরকারের নৈতিক ও আইনগত দায়িত্ব। জনগণ তাদের দাবিদাওয়া আদায়ের পথ জানে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

মতামত দিন