মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে ভারতের সংবাদমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে বিএনপির প্রতিবাদ।
ভারতের সংবাদমাধ্যম এই সময়-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে প্রকাশিত সাক্ষাৎকারকে ভুলভাবে উপস্থাপিত ও বিভ্রান্তিকর দাবি করেছে বিএনপি। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মির্জা ফখরুল স্পষ্ট করেছেন যে, দৈনিক এই সময়-এ তাঁর নামে প্রকাশিত বক্তব্য তিনি কখনোই দেননি। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলোও ভ্রান্ত ও বিভ্রান্তিকর।
শায়রুল কবির খান আরও জানান, সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো সময় দায়িত্বজ্ঞানহীন বা অবান্তর মন্তব্য করেন না। এ ধরনের সংবাদ প্রচারের তিনি নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন—যেন এই ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করা হয়।

মতামত দিন