রাজনীতি
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ,এনসিপির তিন দফা দাবি উত্থাপন।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে এনসিপি।

সোমবার (২২ সেপ্টেম্বর) দলটির ডায়াস্পোরা অ্যালায়েন্স এক বিবৃতিতে এই অভিযোগ এনে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে এবং একই সঙ্গে তিন দফা দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আখতার হোসেন ও তাসনিম জারা। কিন্তু সেখানে আওয়ামী লীগ সমর্থক সন্ত্রাসীরা হামলা চালায়, যা কেবল রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার প্রমাণ।

এনসিপি প্রশ্ন তোলে—যদি রাষ্ট্রীয় সফরের প্রতিনিধি দল নিরাপত্তাহীনতায় ভোগে, তবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের কার্যকারিতা কোথায়? তারা কাদের স্বার্থে কাজ করছে, আর কেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না?

সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় এড়ানো যাবে না।

এনসিপির তিন দফা দাবি

১. যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ও নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে হবে।
২. নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলসহ পুরো ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে অপসারণ করতে হবে।
৩. সফরের বাকি অংশে অংশগ্রহণকারী নেতাদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন। তারাও আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণের মুখে পড়েন, তবে মূল লক্ষ্যবস্তু করা হয়েছিল এনসিপি নেতৃত্বকে। জুলাই বিপ্লবের সময় যারা জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই প্রতিশোধপরায়ণ এই হামলা চালানো হয়েছে।

আখতার হোসেনকে জুলাই মাসে গ্রেপ্তার করে নির্যাতন করেছিল খুনি হাসিনা সরকার—এমন অভিযোগও এনসিপির বিবৃতিতে উঠে আসে। বলা হয়, গণআন্দোলনের জন্য জীবন ঝুঁকিতে ফেলা নেতাকে এখনও সেই সংগ্রামের মূল্য দিতে হচ্ছে।

শেষ অংশে দলটি সতর্ক করে জানায়, বিদেশি মাটিতে আওয়ামী লীগের সন্ত্রাস কেবল প্রবাসীদের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের ওপরও আঘাত হানছে। এনসিপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

মতামত দিন