নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ,আটক ১।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। সেখানে পৌঁছেই বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের হামলার মুখে পড়েন তিনি।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন সকালে ফেসবুক পোস্টে জানান, অভিযানের মাধ্যমে জ্যাকসন হাইটস থেকে ডিম নিক্ষেপে জড়িত একজনকে আটক করেছে পুলিশ। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, “বিমানবন্দরে ডিম ছোড়া এক আওয়ামী বীরযোদ্ধাকে অবশেষে ধরা হয়েছে।”
ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, “আখতার হোসেনের বিরুদ্ধে এই হামলা তার ব্যক্তিগত পরিচয়ের কারণে নয়, রাজনৈতিক অবস্থানের কারণে। তিনি যে দলকে প্রতিনিধিত্ব করেন, সেটি ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে নিরলসভাবে কাজ করছে।”
এদিকে হেনস্তার শিকার আখতার হোসেনও নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “আমরা সেই প্রজন্ম যারা হাসিনার ছোড়া গুলিতে ভয় পাইনি। তাই ওদের ছোড়া ডিমে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না।”

মতামত দিন