রাজনীতি
ছবি: সংগৃহীত

নুরুল হক নুর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।

নিজেস্ব প্রতিবেদক:

গুরুতর শারীরিক জটিলতার কারণে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইটে ঢাকা থেকে তিনি দেশত্যাগ করেন।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন রাসেল, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে নুরের।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, নুরকে বিদেশে পাঠানো মেডিকেল বোর্ডের পরামর্শে হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন, পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুর গুরুতর আহত হন। এরপর আইসিইউসহ দীর্ঘ চিকিৎসার পর তিনি গত ১৫ সেপ্টেম্বর বাসায় ফিরেছিলেন।

এ ঘটনায় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে মুখপাত্র ফারুক হাসান বলেন, এখনো পর্যন্ত তদন্ত কমিটির কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। এতে সরকারের ব্যর্থতাই স্পষ্ট হয়েছে।

মতামত দিন