রাজনীতি
ছবি: সংগৃহীত

ভিপির জরিমানার টাকা জামায়াতের বায়তুল মালে যাচ্ছে: রিজভী।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) এক দোকানিকে জরিমানা করার ঘটনায় রাজনৈতিক হস্তক্ষেপ ও অর্থের অপব্যবহার ঘটছে। তার দাবি, ওই জরিমানা থেকে সংগৃহীত অর্থ জামায়াতের বায়তুল মালে জমা হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ৭ নভেম্বর প্রজন্মের আয়োজনকৃত আলোচনায় রিজভী বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি এখন অনিয়ন্ত্রিত। এক ভিপি দোকানিকে জরিমানা করার ক্ষমতা রাখেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণের মধ্যে থাকা বিষয়গুলোতে ছাত্রনেতারা সরাসরি পদক্ষেপ নেওয়া ঠিক নয়। অথচ এই টাকা জামায়াতের বায়তুল মালে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “হলগুলোতে লোহার খাট দেওয়ার মতো ব্যবস্থা ছাত্রনেতাদের দায়িত্বের মধ্যে নয়।  ছাত্রদের থাকার পরিবেশ উন্নত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা উচিত, রাজনৈতিক হস্তক্ষেপ নয়। ডাইনিং টেবিল বা খাট বিতরণ করা রাষ্ট্রের দায়িত্বে নয়। এই ধরনের উদ্যোগ খারাপ দৃষ্টান্ত তৈরি করছে।”

রিজভী অভিযোগ করেন, “মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণা চলছে। অন্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডও যেমন- পাথর উত্তোলন বা নারী সংক্রান্ত বিষয়—মিডিয়াতে বিস্তৃতভাবে দেখা যায় না। বিএনপি যখন পদ স্থগিত বা সদস্য বহিষ্কারের মতো ব্যবস্থা নেয়, তা প্রকাশ করা হয় না।”

তিনি সমারসেট মোমের উক্তি উল্লেখ করে বলেন, “প্রতিটি পরিবারে কিছু ‘কালো ছিপ’ থাকে। রাজনৈতিক দলকেও যদি পরিবার মনে করি, তবে কিছু সদস্য ভুল করতে পারে। কিন্তু যিনি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তিনি দায়শীল। মিডিয়া তা তুলে ধরে না, বরং বিএনপির বিরুদ্ধে মনগড়া প্রচারণা চালানো হয়।”

প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর মাস্টারদা সূর্যসেন হলে ভিপি আজিজুল হক একটি দোকানিকে টেস্টিং সল্ট (এমএসজি) ব্যবহারের জন্য তিন হাজার টাকা জরিমানা করেন। দোকানদার প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন। ভিপির সঙ্গে একটি চুক্তিপত্রে বলা হয়েছিল, তিন দিনের মধ্যে জরিমানা না দিলে দোকানের চুক্তি বাতিলের সুপারিশ করা হবে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন, কারণ ছাত্রনেতাদের হাতে জরিমানা করার কোনো এখতিয়ার নেই এবং এটি শুধুমাত্র হল প্রশাসনের মাধ্যমে করা উচিত।

মতামত দিন