রাজনীতি
ছবি: সংগৃহীত

শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি লক, প্রবাস ভোটের সুযোগও বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পালিয়ে থাকা বা বিদেশে অবস্থানরত শেখ পরিবারের কিছু সদস্যের ভোটের পথে বাধা তৈরি হয়েছে। দেশটির নির্বাচন কমিশন বুধবার নিশ্চিত করেছে যে, শেখ  হাসিনা ও তার পরিবারের নির্বাচনী যোগ্য ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করা হয়েছে।

এর ফলে তারা অনলাইনে প্রবাস থেকে ভোট দিতে পারবে না।

ইসি সচিব আখতার আহমেদ জানান, যারা এনআইডি লক রয়েছে, তারা প্রবাসে বসে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন না। এছাড়া, সংসদ নির্বাচনে দেশের ভেতরে ও বাইরে ভোটের ব্যবস্থা থাকলেও অনলাইনে নিবন্ধন করতে হলে এনআইডি নম্বর বাধ্যতামূলক। পাসপোর্ট দিয়ে অনলাইন নিবন্ধন সম্ভব নয়।

উল্লেখ্য, এই লকিং প্রক্রিয়া এপ্রিলে কার্যকর করা হয়েছে। ফলে, বিদেশে অবস্থানরত বা মামলার কারণে দেশ ত্যাগ করা ব্যক্তিরা ভোট দিতে পারলেও, তাদের এনআইডি আনলক অবস্থায় থাকতে হবে।

এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, “যে কোনো প্রকার লক থাকা এনআইডি-এর মালিক প্রবাস থেকে ভোটে  অংশগ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র সঠিকভাবে নিবন্ধন করা ব্যক্তিরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।”

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে অবস্থান শুরু করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কিছু সদস্য। পাশাপাশি, আওয়ামী লীগের অনেক নেতা-নেত্রীও বিভিন্ন দেশে অবস্থান করছেন।

মতামত দিন