জাতীয় নাগরিক পার্টির রাজশাহী যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়ার পদত্যাগ।
রাজশাহীর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি উল্লেখ করেছেন, দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নৈতিক মান ও আদর্শের সঙ্গে মিলছে না।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। শামীমা জানান, দায়িত্ব পালনকালে তিনি সবসময় নীতি ও সততাকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ, সমালোচনা ও বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে নিজের নৈতিক অবস্থান ধরে রাখা কঠিন হয়ে উঠেছে।
তিনি বলেন, “রাজনীতিতে সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাসযোগ্যতা। বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগে আমি নিজেই দায়িত্ব থেকে সরে আসছি।” শামীমা আরও বলেন, পদত্যাগ কোনো ব্যক্তির প্রতি অভিযোগ বা ক্ষতিপূরণের উদ্দেশ্যে নয়, বরং নিজের বিবেক ও সততার জায়গা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি দলের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, জাতীয় নাগরিক পার্টি গণমানুষের আস্থা অর্জন এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও দৃঢ় ভূমিকা রাখবে।
শামীমা জানান, গত ৪ আগস্ট তিনি কেন্দ্রীয় সংসদে একটি অভিযোগ দাখিল করেছিলেন। কিন্তু কেন্দ্র থেকে কোনো কার্যকর সাড়া না পেয়ে এবং নিজের সামাজিক মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করতে পদত্যাগ করা প্রয়োজন মনে করেছেন।
এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী বলেন, মায়াসহ কিছু সদস্যের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। অভিযোগ যাচাই-বাছাই শেষে কেন্দ্রকে লিখিতভাবে অবগত করার প্রক্রিয়া নেওয়া হয়েছে। কেন্দ্র কী সিদ্ধান্ত নেবে, তা কেন্দ্রের দায়িত্ব। সম্ভবত এজন্যই শামীমা পদত্যাগের সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছিলেন।
মতামত দিন