হাসপাতালে ১৮ দিন চিকিৎসার পর ছাড়পত্র পেলেন নুরুল হক নুর।
রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত হয়ে প্রায় আঠারো দিন হাসপাতালে থাকার পর ছাড়পত্র পেলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসকরা তাকে হাসপাতাল থেকে ছাড়েন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। নিজেও হাসপাতাল থেকে বের হওয়ার সময় বলেছেন— “এখনও পুরোপুরি ভালো লাগছে না। বাসায় গিয়ে পরে অন্য হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাব।”
এদিকে নুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির ঘোষণা, দাবি না মানলে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
এর আগে রবিবারই নুরকে ছাড়ার কথা ছিল। কিন্তু শনিবার রাতে হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। মুখের হাড় ও চোয়ালে জটিলতা দেখা দেয়, শরীরের ডান পাশ আংশিক অবশ হয়ে যায়, শক্ত খাবার খেতে না পেরে শুধু তরল খাবার দেওয়া হচ্ছিল। লিভারেও আঘাতজনিত সমস্যা ধরা পড়ে। এ কারণে চিকিৎসকরা তখন তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।
দলের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান অভিযোগ করেছেন, নুরকে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিলেও সরকার বিষয়টি দীর্ঘসূত্রতায় নিচ্ছে। প্রথমে সিঙ্গাপুরে পাঠানোর কথা বলা হলেও পরে একে একে বিভিন্ন দেশের নাম উঠে আসছে, যা সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে।

মতামত দিন