রাজনীতি
ছবি: সংগৃহীত

৫ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ কর্মসূচির তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মুফতি রেজাউল করিম সতর্ক করেছেন, সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণার বিষয়টি স্থগিত রাখে, তবে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে নামা হবে।

এদিন সাংবাদিকদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবি তুলে ধরা হয়। এসব দাবির মধ্যে রয়েছে:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।
২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি কার্যকর করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচারের দৃশ্যমানতা নিশ্চিত করা।
৫. স্বৈরাচারের পৃষ্ঠপোষক জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করা।

মুফতি রেজাউল করিম বলেন, “জুলাই অভ্যুত্থান কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য নয়। দেশকে স্বৈরতন্ত্রের কবল থেকে মুক্ত করতে মৌলিক সংস্কার ও ন্যায্য বিচার ছিল মূল লক্ষ্য। কিন্তু নির্বাচনকেন্দ্রিক মনোভাব দেশের জন্য অনির্ধারিত বিপদ সৃষ্টি করতে পারে।”

মতামত দিন