লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে হামলার চেষ্টা,কি বললেন রাশেদ খাঁন।
সোয়াস ইউনিভার্সিটিতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’ সেমিনারের পর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালায় স্থগিত করা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। যদিও উপদেষ্টা নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে সক্ষম হন, বিক্ষুব্ধরা পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ডিম নিক্ষেপ করে।
স্থানীয় সময় বিকেল ৪টায় খালিলি লেকচার থিয়েটারে অনুষ্ঠান শুরু হয়। মাহফুজ আলম সময়মতো উপস্থিত হন। তবে অনুষ্ঠান চলাকালেই বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আওয়ামী লীগের নিষিদ্ধ নেতাকর্মীরা।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। শনিবার (১৩ সেপ্টেম্বর) ফেসবুকে তিনি লিখেছেন, “লন্ডনে মাহফুজ আলমের গাড়িতে ডিম নিক্ষেপ করে তাদের অপদস্ত করা হয়েছে। আজ মাহফুজ আলম, আগামীকাল হয়তো যে কেউ হতে পারে। এদের প্রকৃত রূপ দেশের মানুষ শিগগিরই দেখবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভাজনের সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবারও তাদের পুরনো রূপে ফিরে আসার চেষ্টা করছে। যদি আমরা এখনই ঐক্যবদ্ধ না হই, ভবিষ্যতে এর প্রভাব আরও ভয়ঙ্কর হতে পারে।”

মতামত দিন