দলের শৃঙ্খলাবিরোধী আচরণে বিএনপির ২ নেতাকে বহিষ্কার।
ঢাকা মহানগর উত্তর বিএনপি তাদের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। অভিযোগ অনুযায়ী, তারা দলের শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—মোহাম্মদপুর থানা ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম অপু।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুরুতে তাদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু সংশোধনের কোনো উদ্যোগ না নেওয়ায় তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ৩৩নং ওয়ার্ডের এই দুই নেতা কাঁটাসুর নামার বাজার দখল, ফুটপাত দখল এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। এ ছাড়া সূত্রে আরও বলা হয়েছে, মান্নান হোসেন শাহীন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল বা ‘পিচ্চি হেলাল’-এর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

মতামত দিন