রাজনীতি
ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আজ দুপুরেই, চলছে ভোট গণনা।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ফলাফল আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। তিনি বলেন, অভিজ্ঞতা কম থাকলেও সার্বিকভাবে সহযোগিতা পাওয়া গেছে, তাই আর বিলম্ব হবে না।

অন্যদিকে, নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী গণমাধ্যমকে জানিয়েছেন,  দুপুরেই ফলাফল আসতে পারে।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়, যা এখনো চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন।

ছাত্রদের হলের ভোটার তালিকা অনুযায়ী—আল বেরুনী হলে ২১০, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪, শহীদ সালাম-বরকত হলে ২৯৮, মওলানা ভাসানী হলে ৫১৪, ১০ নম্বর হলে ৫২২, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০, ২১ নম্বর হলে ৭৩৫, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার ছিলেন।

ছাত্রীদের হলে ভোটার সংখ্যা: নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯, জাহানারা ইমাম হলে ৩৬৭, প্রীতিলতা হলে ৩৯৬, বেগম খালেদা জিয়া হলে ৪০৩, সুফিয়া কামাল হলে ৪৫৬, ১৩ নম্বর হলে ৫১৯, ১৫ নম্বর হলে ৫৭১, রোকেয়া হলে ৯৫৬, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ এবং তারামন বিবি হলে ৯৮৩।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে লড়ছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং জিএস পদে ৮ জন। ছাত্রীদের ১০টি হলে ১৫০টি আসনের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থীই ছিলেন না। আবার ৬৭টি আসনে একক প্রার্থী থাকায় ভোট হয়নি। বাকি ২৪টি আসনে ভোট গ্রহণ হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এবারে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।

মতামত দিন