জাকসু নির্বাচন: ১৭ হলে ভোট গণনা শেষ, চলছে বাকি চারটির গণনা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণের প্রায় ১৭ ঘণ্টা পর শেষ হয়েছে ১৭টি হল সংসদের ভোট গণনা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি হল রয়েছে—এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ১০টি। বাকি চারটি হলে গণনা এখনও চলছে। কমিশনের ধারণা, দুপুর নাগাদ সব হল সংসদের ফলাফল চূড়ান্ত হবে। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।
ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করায় কাজ শেষ করতে সময় বেশি লাগছে বলে নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের আশঙ্কা, কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশে সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যেতে পারে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। যদিও ওএমআর পদ্ধতিতে গণনার কথা ছিল, তবে ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে তা বাদ দিয়ে ম্যানুয়ালি গণনা শুরু হয়। এ কারণে গণনা প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব ঘটে।

মতামত দিন