জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি চার প্যানেলের।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোট শেষে গণনা শুরু হলেও, ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে চারটি প্যানেল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। অনিয়মের অভিযোগে যারা নির্বাচন প্রত্যাখ্যান করেছে, তাদের মধ্যে রয়েছে সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্টের একাংশের প্যানেল। এ দাবির সঙ্গে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও যুক্ত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, “আমরা অনিয়মের এ নির্বাচন বর্জন করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন নির্বাচন আয়োজন করতে হবে।” তিনি আরও জানান, “নতুন করে নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণার মাধ্যমে পুনর্নির্বাচন আয়োজন ছাড়া বিকল্প নেই।”

মতামত দিন