জাকসু ভোট গণনার জন্য আগের পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে।
আগের পরিকল্পনা অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট ওএমআর মেশিনে গণনা করা হবে। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করে ভোট হাতেই, অর্থাৎ ম্যানুয়ালি গণনা করার ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান এ পরিবর্তনের তথ্য জানিয়েছেন।
এর আগে ছাত্রদল সমর্থিত প্যানেল ম্যানুয়াল গণনার জন্য আবেদন করেছিল। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেল অভিযোগ করেছে যে, এই সিদ্ধান্ত ছাত্রদলকে সুবিধা দিতে নেওয়া হয়েছে।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার জানান, “প্রাথমিকভাবে আমরা ব্যালট পেপার ওএমআর মেশিন ব্যবহার করে ভোট গণনার পরিকল্পনা করেছিলাম। তবে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ আসার পর কমিশন ভোট ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নিয়েছে।”

মতামত দিন