রাজনীতি
ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন শুরু, বৃষ্টিতে কিছু কেন্দ্রে সাময়িক বিঘ্ন।

নিজেস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর পর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ভোট শুরু হওয়ার দুই ঘণ্টা পরে ক্যাম্পাসে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর ফলে কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ চলে যাওয়ায় ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকে।

শিক্ষার্থীদের মতে, ১০ নম্বর ছাত্র হল, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, ফজিলাতুন্নেসা হল,  আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হলসহ কিছু কেন্দ্রে ভোট কার্যক্রম কিছুক্ষণ থমকে যায়। শহীদ রফিক-জব্বার হল কেন্দ্রের প্রধান ও হল প্রভোস্ট আব্দুস সাত্তার বলেন, বিদ্যুৎ চলে যাওয়ায় বুথগুলো অন্ধকার হয়ে পড়েছিল। প্রায় ১০ মিনিটের জন্য ভোট বন্ধ থাকলেও বিদ্যুৎ ফিরে আসার সঙ্গে সঙ্গে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ অন্যান্য কেন্দ্রে জেনারেটর চালু থাকায় ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটে নি। এছাড়া ১০ নম্বর ছাত্র হলে চার্জার লাইট ব্যবহার করে ভোটারদের আলোর ব্যবস্থা করা হয়।

এবারের নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। ভোট পরিচালনায় রয়েছেন ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ জন সহায়ক পোলিং অফিসার। ভোটগ্রহণ  শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা হবে।

নির্বাচনে ৮টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে আছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুটি পৃথক প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’, এবং তিনটি স্বতন্ত্র প্যানেল।

জাহাঙ্গীরনগরের ইতিহাসে এটি হবে দশম জাকসু নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের দৃষ্টান্ত।

মতামত দিন