সারজিস আলমের বিরুদ্ধে পঞ্চগড়ে বিএনপির সংবাদ সম্মেলন।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এনসিপি নেতা সারজিস আলমের মন্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে তেঁতুলিয়া প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি শ্রমিক সংগঠনের মতবিনিময় সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি দাবি করেন—তেঁতুলিয়া বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহী ভজনপুর এলাকায় প্রতিটি পাথরের ট্রাক থেকে এক হাজার টাকা করে আদায় করেন এবং প্রতিদিন লাখ টাকার চাঁদাবাজি হয়। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বাস্তবে পাথর–বালি মহাল সরকারের ইজারায় পরিচালিত হয়। ইজারাদাররা দশ চাকার ট্রাকে ৫০০ টাকা ও ছয় চাকার ট্রাকে ৪০০ টাকা মাশুল নেন। এখানে উপজেলা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকের কোনো সংশ্লিষ্টতা নেই। তাই সারজিস আলমের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং মানহানিকর।
এ সময় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুলসহ নেতারা বলেন, আমাদের দলের শীর্ষ দুই নেতার বিরুদ্ধে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যেন এ ধরনের মিথ্যা বক্তব্য আর না আসে সে আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে পাথর–বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু ও বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও বক্তব্য রাখেন। তারা বলেন, স্থলবন্দর বা পাথর ব্যবসার কোনো চাঁদাবাজির সঙ্গে তেঁতুলিয়া বিএনপির নেতারা জড়িত নন; বরং এসব নেতারা উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত। সারজিস আলমের দাবি মিথ্যা।
প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে উপজেলা যুবদল, ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতামত দিন