রাজনীতি
ছবি: সংগৃহীত

নুরের শর্টটাইম মেমোরি লস এমন গুজব ভিত্তিহীন: ঢামেকের পরিচালক আসাদুজ্জামান।

নিজেস্ব প্রতিবেদক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, নুরের নাকের হাড়ে ভাঙন থাকায় সামান্য রক্তক্ষরণ হচ্ছে, যা পুরোপুরি সারতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

তবে তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণের কোনো ঝুঁকি নেই।

তিনি আরও জানান, নুরের সামান্য জ্বর থাকলেও ‘স্মৃতিভ্রংশে ভুগছেন’—এমন গুজব ভিত্তিহীন। আসাদুজ্জামানের ভাষায়, এ ধরনের আঘাতে এমন জটিলতা হওয়ার আশঙ্কা নেই। তিনি বলেন, রোগীর অবস্থা এখনো এমন নয় যে বাসায় নেওয়া যাবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তবে চাইলে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশেও নেওয়া যেতে পারে।

অন্যদিকে নুরের ওপর হামলার ঘটনাটি তদন্তে সরকার তিন সদস্যের কমিশন গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

কমিশনের প্রধান করা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে। অন্যান্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশনকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহায়তা প্রদান করবে।

মতামত দিন