বিএনপির চাঁদাবাজি নিয়ে সরাসরি চ্যালেঞ্জ এনসিপি নেতা সারজিস আলমের।
পঞ্চগড়ের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি চ্যালেঞ্জ ছুঁড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলছেন, তার এলাকার বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের সুযোগ দিলে কারোর মুখ দেখানোর অবস্থা হবে না।
সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি জানান, সম্প্রতি তেঁতুলিয়া উপজেলায় কিছু বিএনপি নেতাকর্মী নিয়মিত চাঁদাবাজির সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। প্রথমবার তিনি শুধুমাত্র সতর্ক করেছিলেন। এবার প্রমাণের চ্যালেঞ্জ দিলে বিষয়টি পুরো দেশের সামনে আলোচনার বিষয় হবে।
সারজিসের দাবি, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শুরু করে পাথরের ট্রাক, রাতের সময় অবৈধ ড্রেজিং মেশিনে বালু ও পাথর উত্তোলন, টেন্ডারবাজি, জেলার বাইরে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের অর্থ আদায়—সবই প্রকাশ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, কে কাকে ব্যবহার করছে, কার ডান বা বাম হাত কার্যক্রমে জড়িত, পরিবারিক সদস্যদের কোন কর্মকাণ্ড—সব তথ্য তার কাছে প্রমাণসহ আছে।
শেষে তিনি লেখেন, “চোরের মায়ের বড় গলার দিন শেষ। সাধু সেজে নেতা হওয়ার মুখোশ একদম খুলে দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা।”


মতামত দিন