গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই বিএনপির লক্ষ্য: মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই বিএনপি পথচলা অব্যাহত রেখেছে। দীর্ঘ ১৫ বছর ধরে এই অধিকার আদায়ের জন্য লড়াই-সংগ্রাম করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি বিএনপিই প্রতিষ্ঠা করেছিল। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান—দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতাকে দেশের স্বার্থে কাজে লাগাতে।
তিনি আরও জানান, ১৫ বছর ধরে বিএনপি গণতান্ত্রিক অবস্থান থেকে সরে আসেনি। রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে নতুনভাবে দাঁড় করানোর লক্ষ্যেই সম্প্রতি দলটি ৩১ দফা ঘোষণা করেছে।
এদিকে, প্রায় আট বছর পর ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক শক্তি গঠনের উদ্দেশ্যে। এ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মতামত দিন