ব্রাহ্মণবাড়িয়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন এবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা রোববার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।
সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভে স্থানীয়রা মিছিল করে সড়ক দখল করেন। পরে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল আন্দোলনে যোগ দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
দূরপাল্লার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকে। দুপুরে দেখা যায়, প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে। ঢাকা থেকে সিলেটগামী যাত্রীরা বলেন, ‘আমরা আড়াই ঘণ্টা ধরে এখানে আটকে আছি। বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। আন্দোলন করা উচিত, কিন্তু সড়ক বন্ধ করে নয়।’
এনসিপির কেন্দ্রীয় নেতা মো. খায়রুল সরকার অভিযোগ করেন, দুই ইউনিয়নের পুনর্বিন্যাসে স্থানীয়রা প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে। তিনি জানান, বিজয়নগরকে অখণ্ড রাখার দাবিতে আন্দোলন এবং আইনি লড়াই চালানো হবে। প্রয়োজনে মহাসড়ক অবরোধের মাধ্যমে দাবির প্রতি জোর দেওয়া হবে।
উপজেলার বিএনপি নেতা মো. রাষ্টু সরকার বলেন, সদর আসনে থাকা আমাদের অধিকার। বিজয়নগরে কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় মানুষ ক্ষুব্ধ। পুনর্বিন্যাসের কারণে তারা সড়কে নেমেছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা কাজ করছি।তবে আন্দোলনকারীরা দাবি না আদায় হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বেন না।’
মতামত দিন