জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরে সম্পৃক্ততা অস্বীকার গণঅধিকার পরিষদের।
জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, “শাহবাগে সমাবেশ শেষে আমাদের কোনো নেতাকর্মী কাকরাইলে যায়নি।
তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জানিয়ে সীমা অতিক্রম করেছেন। এ সময় তিনি জিএম কাদের ও শামীম হায়দারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করারও দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, “ফ্যাসিবাদের কোনো স্থান এই দেশে হবে না।”
নুরুল হক নুরের শারীরিক অবস্থা নিয়ে রাশেদ খান জানান, নুর বর্তমানে কিছু মনে রাখতে পারছেন না এবং শরীরের ওপর নিয়ন্ত্রণও নেই। একটি মহল চাইছে না নুরকে বিদেশে পাঠানো হোক, ফলে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ একদল লোক মিছিল নিয়ে গিয়ে হামলা চালায় এবং নিচতলায় অগ্নিসংযোগ করে। জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন, এই হামলা গণঅধিকার পরিষদের মিছিল থেকে চালানো হয়েছে।
মতামত দিন