রাজবাড়ীতে ‘নুরাল পাগলা’র মরদেহ কবর থেকে তুলে আগুনে পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মরদেহ কবর থেকে তুলে আগুনে পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটি এ ঘটনাকে নিন্দা জানায়।
জামায়াত জানায়, স্থানীয়ভাবে গঠিত কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন এই কাণ্ড ঘটিয়েছে। নুরুল হক জীবদ্দশায় যেমনই কাজ করে থাকুন, মৃত্যুর পর তার বিচার আল্লাহর হাতে। ইসলাম কখনো কবর খুঁড়ে মরদেহ অপমান বা পুড়িয়ে ফেলার অনুমতি দেয় না। এটি ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী নীতি-আদর্শভিত্তিক, গণতান্ত্রিক একটি সংগঠন। সমাজে অরাজকতা বা সহিংসতা উসকে দেওয়া দলটির কর্মপন্থা নয়। তাই এ ঘটনার সঙ্গে জামায়াতকে যুক্ত করার প্রচেষ্টা ভিত্তিহীন ও দুঃখজনক।
একইসঙ্গে জামায়াত বলেছে, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনো গ্রহণযোগ্য হতে পারে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় থাকা উচিত ছিল। এছাড়া সমাজে বিশৃঙ্খলা ডেকে আনতে পারে এমন কাজ থেকে সবার বিরত থাকার আহ্বান জানানো হয়।

মতামত দিন