রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপির তীব্র নিন্দা।

নিজেস্ব প্রতিবেদক:

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশের পাশাপাশি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে প্রকাশিত এক বিবৃতিতে বিএনপির এই প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের যে আশা জন্ম নিয়েছে, এমন হামলা ও অগ্নিসংযোগ সেই প্রত্যাশাকে আঘাত করছে। মতভিন্নতা থাকলেও সহিংসতা ও দমনপীড়ন গণতান্ত্রিক চর্চার পরিপন্থী, বরং তা স্বৈরশাসনের প্রতিফলন।

এতে আরও বলা হয়, বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম ছাড়া গণতন্ত্র টেকসই হয় না।কোনো দল টিকে থাকবে কি না, সেটি জনগণের সমর্থনের ওপর নির্ভর করে; হুমকি বা সহিংস আক্রমণের মাধ্যমে তা নির্ধারণ করা যায় না। তাই জাতীয় পার্টি কার্যালয়ে সংঘটিত এই ঘটনাকে বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অশুভ দৃষ্টান্ত হিসেবে দেখছে।

মতামত দিন