রাজনীতি
ছবি: সংগৃহীত

মনে হচ্ছে দেশে অদৃশ্য কোনো শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে: চরমোনাই পীর।

নিজেস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের অবস্থার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে দেশে অদৃশ্য কোনো শক্তি সরকারের চেয়েও বড় হয়ে উঠেছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মঙ্গলবার মধ্যরাতে তিনি ঢাকা মেডিকেলে নুরের সঙ্গে দেখা করেন, সমবেদনা জ্ঞাপন করেন এবং পাশে থাকার প্রতিজ্ঞা করেন।

চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব নুরকে টার্গেট করেই এই হামলা হয়েছে। হামলার পর সরকারের বিভিন্ন উপদেষ্টাদের প্রতিক্রিয়া উদ্বেগজনক—আইন উপদেষ্টা হামলার নিন্দা জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা এটিকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন, এবং প্রধান উপদেষ্টা নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে নুরকে হত্যার আদেশ কার দ্বারা হলো এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এ প্রশ্নের কোনো উত্তর নেই।

তিনি আরও বলেন, স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্রে এমন পরিস্থিতি স্বাভাবিক নয়। জাতি জানতে চায় সিদ্ধান্ত কোথা থেকে আসে এবং কে আসলে দেশ পরিচালনা করছে। সরকারের নির্বাচন প্রক্রিয়া এগিয়ে গেলেও ঢাকাতেই দেশের শীর্ষ রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত না থাকলে, অন্যান্য রাজনীতিকদের সাহস নিয়ে মাঠে  নামার প্রশ্ন তৈরি হয়।

এসময় চরমোনাই পীরের সঙ্গে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তিনি নুরের সুস্থ্যতার জন্য দোয়া করেন এবং রাজনৈতিক সংগ্রামে তার পাশে  থাকার আশ্বাস দেন।

মতামত দিন