ডাকসু নির্বাচনে প্রার্থীকে ধর্ষণের হুমকি, শিবিরের সমালোচনায় উমামা ফাতেমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীর ছদ্মবেশে ক্যাম্পাসে রাজনৈতিক সুবিধা নেয়, অথচ নিজেদের কর্মীদের কর্মকাণ্ডের দায় স্বীকার করে না।
সম্প্রতি শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করা এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়া হয়।
স্ক্রিনশটে দেখা যায়, আলী হুসেন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই নারী প্রার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়ায় উমামা লেখেন, ক্যাম্পাসে একজন মেয়েকে এমন হুমকি দিয়ে পার পাওয়া সহজ হয়ে গেছে। শিবির কেন গোপন রাজনীতি করে—এটি তারই প্রমাণ। নিজেদের পরিচয় আড়াল করে সুবিধা নেয়, কিন্তু দায় এড়ায়। তিনি আরও জানান, এখনো হুমকিদাতার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনার পর ডাকসু নির্বাচনে অংশ নেওয়া অন্য প্রার্থীরাও নিন্দা জানিয়েছেন এবং কঠোর শাস্তি দাবি করেছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হুমকির বিষয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ ও অপরাজেয়৭১–অদম্য২৪ প্যানেলের সহসভাপতি প্রার্থী মো. নাইম হাসান। প্রক্টর দপ্তরে দেওয়া এই আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।


মতামত দিন