নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নুরের স্ত্রী মারিয়া আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
সাক্ষাৎকালে নুরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙে গেছে, এছাড়া চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। এ অবস্থায় তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। বিষয়টি শোনার পরপরই প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়কে নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন।
প্রধান উপদেষ্টা বলেন, “এ ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছে। তার সুচিকিৎসার জন্য সব ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।”
সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনা তদন্তে বিচারপতি আলী রেজাকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। এ বিষয়ে গেজেট প্রকাশ হবে আগামীকাল। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মতামত দিন