বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই: নাহিদ ইসলাম।
গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর আহত হন। এ ঘটনায় দেশের রাজনৈতিক দলগুলো, সহ অন্তর্বর্তী সরকারও তীব্র প্রতিক্রিয়া জানায়।
এরপর রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পাঁচ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরেই তিনি সাংবাদিকদের বলেন, নুরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয় এবং তা গভীর উদ্বেগের। এছাড়া তিনি বলেন, সকল রাজনৈতিক দলকে একত্রিত হয়ে পরাজিত শক্তিকে মোকাবেলা করতে হবে।
এ সময় এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেন, নুরের ওপর হামলা গণভ্যুত্থানের শক্তিকে দমন করার চেষ্টা। ফ্যাসিবাদী শক্রদের বিচার দাবিতে এই বর্বরতা সংঘটিত হয়েছে এবং এতে সেনাবাহিনীও জড়িত—কোন নির্দেশে তা পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই। তিনি অভিযোগ করেন, জনগণের স্বার্থের বিপরীতে অবস্থান নিয়ে দলটি নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতার ছাপ দিয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতের দিকে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে এনসিপির প্রতিনিধিদল। নাহিদ ইসলামের নেতৃত্বে দলে ছিলেন সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।

মতামত দিন